আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী |
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী ||
তোমায় দেখেছি শারদপ্রাতে , তোমায় দেখেছি মাধবী রাতে,
তোমায় দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী |
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী |
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নুতন দেশে,
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী ||